জাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীদের নিত্যনতুন কৌশল ও রুট পরিবর্তন করেও শেষ রক্ষা হলো না। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সদস্যদের তৎপরতায় মাদকসহ আটক হয়েছে এক চোরাকারবারী।

২৪ বোতল চোকো প্লাস/কোডেন ফসফেট সমৃদ্ধ নেশাজাত সিরাপসহ আটক নুরুল হক


ঘটনার বিবরণ
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারীরা সাধারণত উপজেলার শাহাবাজপুর এবং বিনোদপুর ইউনিয়ন সীমান্ত ব্যবহার করলেও, বিজিবির কঠোর নজরদারি এড়াতে সম্প্রতি তারা রুট পরিবর্তন করে। কৌশল হিসেবে তারা দাইপুকুরিয়া ইউনিয়ন সীমান্ত এলাকাকে বেছে নেয়।
তবে বিজিবির গোয়েন্দা নজরদারিতে সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়। গতকাল ৩০ ডিসেম্বর ভোর পৌনে ৫টার দিকে বিলভাতিয়া বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯০/৩-এস হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। অভিযানে বিলভাতিয়া সীমান্ত থেকে মোঃ নুরুল হক (৪০) নামে এক চোরাকারবারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘চকো প্লাস’ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবির বক্তব্য
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম জানান:
চোরাকারবারীরা মাদক চোরাচালানে যতই নতুন পদ্ধতি বা রুট অবলম্বন করুক না কেন; সকল প্রকার মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ঐকান্তিক প্রচেষ্টা এবং কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে