আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে সার নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ কৃষকরা। ডিলার ও খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি এবং চড়া দামে বিক্রির অভিযোগ উঠেছে। সারের সঠিক বণ্টন ও সিন্ডিকেট বন্ধে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, দোকানে সার কিনতে গেলে বিক্রেতারা সরাসরি ‘সার নেই’ বলে ফিরিয়ে দিচ্ছেন। কৃষকদের অভিযোগ, ডিলাররা সার গুদামজাত করে গোপনে বেশি দামে কালোবাজারে বিক্রি করে দিচ্ছেন। খুচরা বিক্রেতারাও নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দাম নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।কৃষকরা জানান, সঠিক সময়ে জমিতে সার প্রয়োগ করতে না পারলে ফলন বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। পর্যাপ্ত ফলন না হলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। অনেক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে সারের সংকট ও অনিয়ম চলতে থাকলে চাষাবাদ বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক এবং উপজেলা কৃষি অফিসার মো: ইসা দাবি করেছেন, উপজেলায় সারের কোনো সংকট নেই। তবে প্রশাসনের এই দাবির সাথে মাঠ পর্যায়ের বাস্তব চিত্রের কোনো মিল খুঁজে পাচ্ছেন না সাধারণ কৃষকরা।কৃষকদের দাবি, অবিলম্বে ডিলারদের অনিয়ম বন্ধ করে সঠিক সময়ে এবং ন্যায্যমূল্যে সার বণ্টন নিশ্চিত করা হোক। ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ’—এই স্লোগানকে সামনে রেখে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

By Blens25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *