ত্রিপুরা সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণহানি ও চোরাচালান | ব্ল্যাক লেন্স ২.০
আন্তঃসীমান্ত অপরাধ ও নিরাপত্তা

ত্রিপুরা সীমান্তে ‘মাছের পোনা’ পাচার ঘিরে বিএসএফের গুলিতে প্রাণহানি:মিয়াপাড়ার ‘মাস্টারমাইন্ড’ শনাক্তের দাবি ভারতীয় সংবাদ-মাধ্যমের, দেশীয় গডফাদারদের সন্ধানে ছায়া তদন্তে প্রশাসন- এরই মাঝেই কসবায় গ্রেফতার ২

ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিবর্ষণের ঘটনায় প্রাণহানির পর আন্তঃসীমান্ত চোরাচালান চক্রের এক বিস্তৃত নেটওয়ার্কের তথ্য সামনে এসেছে। ভারতের শীর্ষস্থানীয় দৈনিক ‘দ্য আসাম ট্রিবিউন’, ‘ত্রিপুরা নেট’-সহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল মাছের পোনা এবং অন্যান্য অবৈধ সামগ্রীর একটি বড় চালান।

এ ঘটনার পর ভারতীয় অংশে চক্রের মাস্টারমাইন্ডকে শনাক্ত করার পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরেও গডফাদারদের ধরতে তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো। এর মধ্যে কসবা থানা পুলিশের বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দেওয়া পণ্যসহ দুজন দেশীয় চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বস্তুনিষ্ঠ বিশ্লেষণ এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সংঘবদ্ধ অপরাধী চক্রের রূপরেখা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিচে তুলে ধরা হলো:

কীসের চালান পাচার হচ্ছিল?

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন ও স্থানীয় ধ্বজনগর বাসিন্দা সূত্রের দাবি অনুযায়ী জানা যায়, শুক্রবার রাতের ১১ টার পূর্ব থেকেই সিপাহিজলা জেলার মধুপুর থানার অন্তর্গত পাথরিয়াদ্বার সীমান্তের ১০১ নম্বর গেটের কাছে জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে। সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিরা কাঁটাতারের বেড়ার কাছে বিপুল পরিমাণ মাছের পোনার (fish fingerlings) একটি বড় চালান জড়ো করেছিল।

অন্ধকারে ভারতীয় পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই চালানের বাক্সগুলো সংগ্রহ করতে আসা বাংলাদেশি দলটিকে লক্ষ্য করে বিএসএফ-এর গুলিবর্ষণের ঘটনা ঘটে। মাছের পোনার পাশাপাশি এই রুটটি দীর্ঘকাল ধরে মাদকদ্রব্য, পোশাক, প্রসাধণসামগ্রী, জিরা, মোবাইল ডিসপ্লে এবং চোরাই মোটরসাইকেল পাচারের জন্য ব্যবহৃত হয়ে আসছে।

ভারতীয় ‘মাস্টারমাইন্ড’ শনাক্ত

এই আন্তঃসীমান্ত চোরাচালান চক্রের কার্যপ্রণালী নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। স্থানীয় সূত্রের বরাতে আসাম ট্রিবিউন এবং ত্রিপুরা নেট জানিয়েছে, সিপাহিজলা জেলার এই নির্দিষ্ট রুটটি নিয়ন্ত্রণ করে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট। এই চক্রের মূল হোতা হিসেবে ভারতের মিয়াপাড়া এলাকার ‘সুমন’ নামের এক প্রভাবশালী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তির নেতৃত্বেই ভারতীয় অংশ থেকে বাংলাদেশে অবস্থানরত সিন্ডিকেটদের নিকট অবৈধ পণ্যের সরবরাহ শৃঙ্খল পরিচালিত হয়।

দেশীয় ‘গডফাদার’দের খুঁজছে বাংলাদেশের গোয়েন্দারা

সীমান্তে প্রাণঘাতী এ ঘটনার পর বাংলাদেশের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো নিবিড় তদন্ত শুরু করেছে। মাঠপর্যায়ের পাচারকারীদের বাইরে গিয়ে এর নেপথ্যে থাকা মূল অর্থলগ্নিকারী এবং বাংলাদেশে বসে যারা এই বিশাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, সেই ‘গডফাদার’দের চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এই ধরনের আন্তঃসীমান্ত বাণিজ্যের পেছনে হুন্ডি বা অবৈধ অর্থ লেনদেনের বড় প্রভাব থাকায় প্রভাবশালী ব্যক্তিদের আর্থিক লেনদেন এবং প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

কসবা থানা পুলিশের অভিযান: আটক ২ ও পণ্য উদ্ধার

চোরাচালান নেটওয়ার্কের বিরুদ্ধে স্থানীয় পর্যায়েও কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। গত ১০ মে ২০২৬ তারিখ দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে (১১ মে) গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। কসবা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) ফারুক হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অত্র থানাধীন গোপীনাথপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এই অভিযান চালায়।

অভিযানকালে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ চোরাচালান পণ্য উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় দুই চোরাকারবারি মালো ও মনিরকে গ্রেফতার করে পুলিশ। অভিযানের বিষয়ে কসবা থানা পুলিশের কর্তব্যরত একজন অফিসার জানান, “যাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে তাদের সবাইকে ধরতে কসবা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

হতাহত ও বর্তমান পরিস্থিতি

সীমান্তে ওই গুলিবর্ষণের ঘটনায় নিহত নাবির হোসেন (৪০) এবং মো. মুরসালিন (২২) নামের দুই বাংলাদেশির মৃতদেহ শনিবার পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। তবে সীমান্তের সার্বিক পরিস্থিতি এবং এ ঘটনার বিষয়ে জানতে ৬০ বিজিবি চণ্ডীদ্বার ক্যাম্পের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।

সার্বিক বিশ্লেষণ

বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যকার ৮৫৬ কিলোমিটার দীর্ঘ এই আন্তর্জাতিক সীমান্তটি ভৌগোলিক কারণেই অত্যন্ত স্পর্শকাতর। বিশ্লেষকদের মতে, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করে এবং উভয় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এই চক্রের মূল হোতাদের আইনের কাঠামোর আওতায় আনাই এখন সবচেয়ে জরুরি।

এছাড়াও যে মৌলিক প্রশ্নগুলো থেকেই যায়

আইন, চুক্তি এবং মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা:

নিহত মো. মুরসালিনের বয়স এবং নিরপেক্ষ অনুসন্ধানে প্রাপ্ত তার শিক্ষার্থী পরিচয় এই প্রশ্নটিকে আরও জোরালো করে যে, একজন সাধারণ ছাত্র কীভাবে সশস্ত্র বাহিনীর ওপর প্রাণঘাতী হামলা চালাতে পারে?

তথ্যের গভীরে, সত্যের সন্ধানে।
Visit: blacklens25.com