সম্রাট প্রধান, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় মনি চক্রবর্তী (৪০) নামের এক মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১টার দিকে উপজেলার চরসিন্দুর বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মনি চক্রবর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
ঘটনার বিবরণ:
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মনি চক্রবর্তী। পথে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে বুক ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য:
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *