মহেশপুর প্রতিবেদক | ঝিনাইদহ ৫ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহের মহেশপুরে মতিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। ৫ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলার ভাষানপোতা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত মতিয়ার রহমান উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিকেলে মতিয়ার রহমান ব্যবসায়িক কাজে ভাষানপোতা গ্রামে যান। এসময় হঠাৎ দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মহেশপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

