নিজস্ব প্রতিবেদক, কসবা-আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি নেতা নাছির উদ্দিন হাজারীকে নিয়ে সম্প্রতি দলীয় প্রতিপক্ষ নেতা ও তাঁদের অনুসারীদের বিভিন্ন নেতিবাচক মন্তব্যের ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন তাঁর সমর্থক গোষ্ঠী। সমর্থকদের দাবি, দীর্ঘদিনের ত্যাগী একজন নেতার বিরুদ্ধে রাজনৈতিক কারণে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক।
নাছির উদ্দিন হাজারীর সমর্থকরা জানান, বিএনপির প্রতিটি দুঃসময়ে তিনি রাজপথে থেকে দলের হাল ধরেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কারও ক্ষতি করেছেন—এমন প্রমাণ কেউ দিতে পারবে না। অথচ বর্তমান সময়ে কিছু মানুষ তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন মন্তব্য করছে। যারা একসময় সামান্য সুবিধার জন্য লাইনে দাঁড়িয়ে থাকত, তারাই আজ তাঁর নাম নিয়ে কটূক্তি করছে—এটি দেখে সাধারণ কর্মীরা আজ মর্মাহত।
সমর্থকরা আরও বলেন, নাছির উদ্দিন হাজারী তাঁর অবস্থানে সবসময় দৃঢ় ও অটল থাকবেন। তিনি একজন সৎ ও স্পষ্টভাষী মানুষ; মিথ্যা বা তোষামোদির রাজনীতি করা তাঁর স্বভাব নয়। কসবা-আখাউড়ার সাধারণ মানুষের অধিকার নিয়ে তিনি যেভাবে সাহসী ও ন্যায়ের পক্ষে কথা বলেন, তাতে ভীত হয়েই একটি পক্ষ তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
বিপদের সময়েও তিনি যেভাবে আপসহীন থেকেছেন, তার যথাযথ মূল্যায়ন না করে এমন নেতিবাচক মন্তব্য করায় তৃণমূলের নেতা-কর্মীরা দুঃখ প্রকাশ করেছেন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নাছির উদ্দিন হাজারী অতীতেও বিএনপির সাথে ছিলেন, এখনো আছেন এবং আগামী দিনেও দলের হয়ে কাজ করে যাবেন।

