“আমার ছেলেটা স্পষ্ট কথা বলতে পারে না। শুধু একটু ‘মা’, ‘বাবা’ কিংবা ‘মামা’ বলে ডাকতে পারে। ওর তো কোনো ক্ষতি করার ক্ষমতা নেই, ও তো শারীরিক আর মানসিক প্রতিবন্ধী। কেউ কি আমার মাহিনকে একটু ফিরিয়ে দেবেন?”
পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক রুহুল আমিনের হতদরিদ্র সংসারে নুন আনতে পান্তা ফুরায়। সেই অভাবের সংসারে তাঁর প্রথম পুত্রসন্তান ১১ বছর বয়সী মোহাম্মদ মাহিন। গত ৭ জুন থেকে হঠাৎ নিখোঁজ রয়েছে শিশুটি। দীর্ঘ দিন পার হয়ে গেলেও কলিজার টুকরো সন্তানের কোনো খোঁজ না পেয়ে চরম অনিশ্চয়তা ও শোকের মধ্যে দিন কাটাচ্ছে অসচ্ছল পরিবারটি। প্রথম সন্তানকে ফিরে পাওয়ার আকুল ব্যাকুলতায় নির্ঘুম রাত কাটছে নিখোঁজ মাহিনের স্বজনদের।
যেভাবে নিখোঁজ হয় মাহিন
পারিবারিক সূত্রে জানা গেছে, জন্মগতভাবেই মাহিন শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতায় ভুগছে। মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক হলেও সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। যানবাহনে চড়ে দূর-দূরান্তে চলে যাওয়ার একটি প্রবণতা তার মধ্যে আগে থেকেই ছিল। ইতিপূর্বেও একাধিকবার সে অটোরিকশা বা অন্যান্য গাড়িতে চড়ে দূরে চলে গিয়েছিল, তবে স্থানীয়দের সহায়তায় তাকে আবার পরিবারের কাছে ফিরিয়ে আনা সম্ভব হয়।
গত ৭ জুন বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। হতদরিদ্র অটোরিকশা চালক বাবা তাঁর সাধ্যমতো কসবা পৌরসভা ও আশেপাশের বিভিন্ন এলাকা, বাসস্ট্যান্ডসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেন। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, তাকে সর্বশেষ তিনলাখপীর বাজার এলাকায় দেখা গিয়েছিল। তবে এর পর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ শিশুর বিস্তারিত বিবরণ
- নাম: মোহাম্মদ মাহিন
- বয়স: ১১ বছর
- গায়ের রং: কালো (শ্যামবর্ণ)
- পিতার নাম: মোহাম্মদ রুহুল আমিন (পেশায় অটোরিকশা চালক)
- পরিবারের অবস্থা: প্রথম পুত্রসন্তান, পরিবারটি অত্যন্ত দরিদ্র
- ঠিকানা: ৫ নং ওয়ার্ড, কসবা পৌরসভা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া
- শারীরিক ও মানসিক অবস্থা: শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। স্পষ্ট কথা বলতে পারে না, তবে অস্পষ্ট বা আদো-আদো স্বরে ‘মা’, ‘বাবা’, ‘মামা’ কিংবা ‘কসবা’ শব্দটি উচ্চারণ করতে পারে।
- নিখোঁজের তারিখ: ৭ জুন
আইনগত পদক্ষেপ
ঘটনার পর থেকে পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে অনুসন্ধান চালানোর পাশাপাশি বিষয়টি স্থানীয় কসবা থানা পুলিশকে অবহিত করা হয়েছে ও একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ শিশুটির সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
সহায়তার আকুল আবেদন
একমাত্র প্রথম পুত্রসন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে দরিদ্র অটোরিকশা চালক বাবা ও পুরো পরিবার। মাহিনের বাবা মোহাম্মদ রুহুল আমিন দেশবাসী ও সহৃদয় ব্যক্তিদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন, যেন কেউ মাহিনের সন্ধান পেলে দ্রুত পরিবার অথবা পুলিশকে অবহিত করেন।
আপনার একটি সামান্য সচেতনতা, দৃষ্টিপাত কিংবা একটি সোশ্যাল মিডিয়া শেয়ার হয়তো হারিয়ে যাওয়া এই অসহায় প্রতিবন্ধী শিশুটিকে তার মা-বায়ের কোলে ফিরিয়ে দিতে পারে।
জরুরি যোগাযোগের ঠিকানা
যদি কোনো সহৃদয় ব্যক্তি শিশু মোহাম্মদ মাহিনকে দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে বিলম্ব না করে নিচের যেকোনো নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে:
- পিতা (মোহাম্মদ রুহুল আমিন): 01837762945
- কসবা থানা (অফিসার ইনচার্জ): +8801320115137
- ব্ল্যাকলেন্স ডেস্ক: 01823-985423