নিজস্ব প্রতিবেদক | শ্রীপুর, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে কোনোভাবেই থামানো যাচ্ছে না অবৈধ মাটি ও বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনের চোখের সামনেই সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত চলছে ফসলি ও খাস জমির মাটি বিক্রির হিড়িক। এতে একদিকে যেমন আবাদি জমির পরিমাণ কমছে, অন্যদিকে ভারী ড্রাম ট্রাকের চলাচলে ধ্বংস হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট।
লুটপাটের মূল পয়েন্ট অনুসন্ধানে জানা গেছে, তেলিহাটি ইউনিয়নের বাদশানগর এবং ২ নং গাজীপুর ইউনিয়নের বেশ কয়েকটি পয়েন্ট এখন মাটি খেকোদের প্রধান অভয়ারণ্য। বিশেষ করে তেলিহাটির বাদশানগর এলাকায় পুকুর খননের নাম করে অবাধে বালু ও মাটি লুট করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রাত নামলেই কয়েকশ ড্রাম ট্রাক ও ভেকু (এস্কাভেটর) দিয়ে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন গন্তব্যে।
রাজনৈতিক ছত্রছায়ায় সিন্ডিকেট ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, এই চক্রটি রাজনৈতিক নাম ভাঙিয়ে সক্রিয় রয়েছে। মাঝে মাঝে প্রশাসনের পক্ষ থেকে নামমাত্র জরিমানা করা হলেও তা এই শক্তিশালী সিন্ডিকেটকে দমনে কোনো কাজে আসছে না। জরিমানার পর দিনই দ্বিগুণ উৎসাহে পুনরায় শুরু হয় খনন কাজ। সাধারণ মানুষের প্রশ্ন—রাজনৈতিক ছত্রছায়ায় থাকা এই সিন্ডিকেট কি তবে আইনের ঊর্ধ্বে?
হুমকির মুখে পরিবেশ ও জনপদ ভারী ড্রাম ট্রাক চলাচলের কারণে শ্রীপুরের গ্রামীণ সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। এছাড়া ফসলি জমি থেকে মাটি কেটে ফেলায় পাশের জমিও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। আবাদি জমি রক্ষার এই আর্তনাদ যেন প্রশাসনের কানেই পৌঁছাচ্ছে না। স্থানীয় সচেতন মহল মনে করেন, কৃষি জমি রক্ষা ও নিরাপদ শ্রীপুর বিনির্মাণে দ্রুত কঠোর প্রশাসনিক হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

By Blens25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *